টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগরপাড়া বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরীর শাখা উয়ার্শী নদী। এর দুই পাড়ে রয়েছে মির্জাপুর-নাগরপাড়া আঞ্চলিক সড়ক। মির্জাপুর, ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়া যাতায়াত করতে সংযোগ মাধ্যম হিসেবে সড়কটি ব্যবহার করেন উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে অসংখ্যক মানুষের চলাচল সত্ত্বেও নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। তাই বর্ষায় নৌকা, শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর পানি শুকিয়ে গেলে হেঁটে নদী পার হতে হয় স্থানীয়দের।
এলাকাবাসী জানান, স্থানীয় নাগরপাড়া, দাখিলি, নওগাঁও, মৈশামুড়া, মজদৈই, সাফর্তা, কহেলা, মোস্তমাপুর, চৌহাটসহ প্রায় ২০টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ উয়ার্শী নদী পার হয়ে চলাচল করেন। নদীর দুই পাড়ের মির্জাপুর-নাগরপাড়া আঞ্চলিক সংযোগ সড়কটি ব্যবহার করে তারা মির্জাপুর সদর, জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এ পথে তাদের যাতায়াতের একমাত্র উপায় মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যান। শুধু একটি সেতু না থাকার কারণেই দুর্ভোগ আর ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘উয়ার্শী নদীর নাগরপাড়া এলাকায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।’