চট্টগ্রামে ‘বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল’ এর যাত্রা শুরু

চট্টগ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। হাসপাতালটিতে ‘এক টাকা’য় চিকিৎসাসেবা দেওয়া হবে। গতকাল শুক্রবার নগরীর পাহাড়তলীর সাগরিকা রোডে আটতলা একটি ভবনে হাসপাতালটি স্থাপন করছে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিদ্যানন্দ মানবতার সেবায় অনুকরণীয় দায়িত্ব পালন করছে। করোনার সংকট মোকাবিলায় স্থাপিত কভিড ফিল্ড হাসপাতাল একটি মাইলফলক হয়ে আছে। দরিদ্র মানুষ যেন বিদ্যানন্দ হাসপাতালে বিনামূল্যে না হলেও খুবই স্বল্পমূল্যে সেবা পায়, সে জন্য প্রিমিয়াার বিশ^বিদ্যালয়ের ভবনটি বিদ্যানন্দকে দেওয়া হয়েছে। এটা কোনো দলীয় প্রতিষ্ঠান নয়, দাতব্যপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যানন্দ ও এই হাসপাতাল একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান। হাসপাতাল নির্মাণ হওয়া ভবনটি আগে বিশ^বিদ্যালয়ের ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এবং প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের ট্রেজারার এ কে এম তফাজ্জল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরামর্শক ও নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটে প্রেসের (এপি) ব্যুরোপ্রধান জুলহাস আলম।

প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের আবাসিক সহযোগিতায় এ হাসপাতালে প্রাথমিকভাবে আউটডোর সার্ভিস চালু করা হয়েছে। সেখানে দরিদ্র মানুষ চিকিৎসা ও ওষুধ পাবেন এক টাকায়।