মুখে মাস্ক, মাথায় ক্যাপ আর গায়ে টি-শার্ট। টি-শার্টের ওপরে লেখা ‘নো মাস্ক, নো সার্ভিস’। উদ্দেশ্য করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণে নগরবাসীকে সচেতন করা। মোট ৫০টি সাইকেল নিয়ে এভাবেই নগরী দাপিয়ে বেড়াচ্ছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
গতকাল শনিবার বিকেলে নগরীর নতুন বাজার পায়রা চত্বর থেকে যাত্রা শুরু। তাদের নিমন্ত্রণেই সাইকেল নিয়ে নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রন্তে ছুটলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুও।
সাইকেল র্যালিটি নগরীর জয়নুল উদ্যান, কাঁচারি ঘাট, পাটগুদাম ব্রিজ মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গিয়ে শেষ হয়।
মেয়র ছাত্রলীগের ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করে এ সাইকেল র্যালির প্রশংসা করেন। তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে প্রাণঘাতী করোনাকে রুখে দিতে হবে। আর এজন্য সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে সচেতন হতে হবে।’ সাইকেল র্যালি উদ্বোধন শেষে ৫ শতাধিক পথচারী ও স্থানীয়দের হাতে মাস্কও তুলে দেন তারা। র্যালির উদ্যোক্তা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আসছে শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই আমরা এ উদ্যোগ বাস্তবায়ন করছি।’