নৌকার পানি সেচার সময় ছিটা লাগাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার মাছের আড়তে এ ঘটনা ঘটে।
নিহত সায়েস্তা তালুকদার (৩২) একই ইউনিয়নের বল্লি গ্রামের হেকিম তালুকদারের ছেলে এবং তিনি পেশায় কৃষক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সায়েস্তা তালুকদার নিজ গ্রাম থেকে নৌকা নিয়ে লেপসিয়া বাজার ঘাটে আসেন। নৌকা ঘাটে ভেড়ানোর সময় একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের সমাজ আলীর ছেলে হানিফ মিয়ার (২৫) নৌকার জমানো পানি সেচার সময় ছিটা লাগায় দুজনের মধ্যে তর্ক হয়।
পরে সায়েস্তা বাজারের মাছের আড়তে গেলে হানিফ, তার ভাই আশরাফুল (২৮) ও কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, অপরাধীদের আটকের চেষ্টা চলছে।