জিদান-কোম্যানের সূচি নিয়ে ক্ষোভ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ফুটবল স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। নিয়মিত হচ্ছে ইউরোপীয় লিগ এবং আন্তর্জাতিক ফুটবল। তাই ব্যস্ততা বেড়েছে। তবে এত ব্যস্ততায় খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে বলে সূচি নিয়ে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

গতকালের ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচসহ ৩৩ দিনে ১০টি খেলা পড়েছে রিয়ালের। চোটের কারণে অধিনায়ক সার্জিও রামোস ছিলেন না গতকালের ম্যাচে। তাই জিদান বলেছেন, ‘সূচির দিকে তাকিয়ে আমি যা বলতে পারি তা হলো, এটা বাড়াবাড়ি। এটা এমন একটা বিষয় যা আমাকে চিন্তায় ফেলে। খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তাই সবসময় এদিকে নজর রাখি এবং বিষয়টি নিয়ে আজ কথা বলছি। আমি শুধু আমার (দলের) খেলোয়াড়দের নিয়ে বলছি না। আমি জানি, যারা সূচি করেছেন তারা অনেক বিষয় মাথায় রেখেই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ভুক্তভোগী খেলোয়াড়রাই। তারা বিশ্রাম না পেলে ভালো খেলতে পারবে না।’

সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। ‘আমি বুঝি না, আমাদের সব অ্যাওয়ে ম্যাচ কেন রাত ৯টায়। রাশিয়া বা ইউক্রেনের মতো দেশে সব ম্যাচ খেলা হয় সন্ধ্যা ৭টায়, আর আমাদের খেলতে হয় রাত ৯টায়।’ রাত ৯টায় খেলা হলে লিগে অ্যাওয়ে ম্যাচ শেষ করে নিজ শহরে ফিরতে দেরি হয় দলগুলোর। বার্সা-রিয়ালের মতো দলগুলোর আবার মঙ্গলবার থাকে চ্যাম্পিয়নস লিগের খেলা।