১৭ দিনেই কোটি রোগী

দ্বিতীয় দফায় করোনাভাইরাস আরও ভয়ংকর হয়ে উঠতে শুরু করেছে। গত বছরের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর মার্চ-এপ্রিল নাগাদ ছড়িয়ে পড়ে সারা বিশে^। ওই সময় ইউরোপ, আমেরিকায় ভয়ংকর হয়ে ওঠে মহামারী রূপ নেওয়া ভাইরাসটি। এরপর ছড়াতে শুরু করে এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ায়। জুলাই-আগস্টে এসে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কিছুটা দম ধরে সংক্রমণ। কিন্তু অক্টোবর থেকে ওইসব অঞ্চলে শুরু হয় দ্বিতীয় ঢেউ। নভেম্বরে এসে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্য বলছে, চলতি নভেম্বর মাসে এসে প্রতিদিনই এখন গড়ে ৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে বিশ্বজুড়ে। গতকাল শনিবার পর্যন্ত চলতি মাসের প্রথম ২১ দিনে বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে অন্ততপক্ষে ১ কোটি ১৬ লাখ ৪০ হাজারের বেশি করোনা রোগী। আলোচ্য সময়ে মৃত্যু হয়েছে কম করে হলেও  ১ লাখ ৭৮ হাজার মানুষের। এই ২১ দিনে অবশ্য আরোগ্য লাভ করেছে ৬৬ লাখ ৬২ হাজার মানুষ। তবে সর্বশেষ ১ কোটি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র ১৭ দিনেই। বাংলাদেশ সময় গতকাল শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮০ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। আর মোট আরোগ্য লাভ করেছে ৪ কোটি ২ লাখের বেশি মানুষ। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৯০ লাখ ৫০ হাজার ৬১৩ জন এবং মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৭৬৪ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ২০ হাজার ১৬৪ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৬২ জনের। চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ২১ লাখ ৯ হাজার ১৭০ জন। এর মধ্যে মারা গেছে ৪৮ হাজার ২৬৫ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩১১ জনের।