যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান তারই একটি অংশ। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।’ গতকাল শনিবার দুপুরে মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা (জঙ্গিরা) বুঝতে পেরেছে দেশ এগিয়ে যাচ্ছে, তাদের আক্রমণে দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না। তাই তারা আত্মসমর্পণ করেছে। আমাদের নিরাপত্তা ও গোয়েদা বাহিনী সব সময় তৎপর বলেই আমরা সেই নির্ভরতার জায়গাটিতে এসেছি।’
এ সময় করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বিশ্বে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল, বাংলাদেশে তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, আমরা তাদের চিকিৎসাসেবা দিতে পেরেছি। করোনাভাইরাস বিস্তার রোধেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।’