সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় চাচঁড়া পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, যাত্রীবাহী ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। চুর্ণ-বিচুর্ণ হয়ে যায় ট্রাকটি।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, দুর্ঘটনার পর চারটি ট্রেনের চলাচল বন্ধ ছিল। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।