খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম ডুমুরিয়ার ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ডুমুরিয়া উপজেলার গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বেলা ২টার দিকে তরিকুল ইসলাম শেখ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাই। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ডুমুরিয়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত