বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন কাতারে অবস্থান করছে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশটিতে পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে রবিবার প্রথমবারের মতো আউটডোরে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।
৪ ডিসেম্বর দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হবে কাতার-বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটির আগে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষও ঠিক হয়েছে। কাতার আর্মি ও লুসাইল এসসি বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বুধবার কাতার আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল-আশরাফুলরা। কাতার আর্মি একটি অ্যামেচার টিম। লুসাইল এসসির বিপক্ষে ম্যাচ আগামী শনিবার। যারা কাতারের দ্বিতীয় বিভাগের দল।
কাতারে পৌঁছার পরই বাংলাদেশ দলের একদফা করোনা পরীক্ষা করা হয়। যাতে টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদারের ফল পজিটিভ আসে। তারা আইসোলেশনে আছেন।
দলের বাকি সদস্যদের শনিবার আরেক দফা করোনা পরীক্ষা করানো হয়। সবার ফলই নেগেটিভ এসেছে।
এদিকে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের মাঝ পাথে করোনা আক্রান্ত হন জেমি ডে। তাই তাকে ঢাকায় রেখেই বাংলাদেশ দল কাতার যায়। শনিবার জেমি ডের তৃতীয় দফার করানো পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।
জেমির অনুপস্থিতিতে কাতারে দলের দেখভাল করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।