বেগমগঞ্জে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। 

রোববার দুপুর ৩টায় বেগমগঞ্জ থানার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার করিমপুর এলাকার রাকিব চৌধুরী (১৯) মো. সহিদুল ইসলাম পাভেল (১৯) মো. জাকির হোসেন সাগর (২০) ও উপজেলার গণিপুর এলাকার মো. সজিব হোসেন বাবর (২০), তানভির আহম্মদ সিয়াম (২০)।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান জানান, আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।