ছুটি না নিয়েই ভ্রমণে ৭ চিকিৎসক, চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসক ছুটি না নিয়ে ভ্রমণে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

জানা যায়, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসকের মধ্যে ওই সাত চিকিৎসক ছুটি না নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়েছেন। এতে হঠাৎ করেই ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ।

ওই সাত চিকিৎসক হলেন- হাসপাতালের রিজিওনাল মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিজভী, ডা. বদরুন্নাহার, ডা. তানিয়া, ডা. আল আমিন, ডা. রাব্বি, ডা. সিফাত তাসরিন ও ডা. তাহের।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ৫০-শয্যা বিশিষ্ট গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমিসহ মোট ১০ জন চিকিৎসক রয়েছে। শনিবার হঠাৎ করে সাত চিকিৎসককে একসাথে কর্মস্থলে অনুপস্থিত দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তারা ছুটি না নিয়েই গত ২১ নভেম্বর সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে গেছেন। তারা কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সাত চিকিৎসক হঠাৎ করে কর্মস্থলে না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে উলে্লেখ করে তিনি বলেন, বিষয়টি আমি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।

যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ বলেন, সাত চিকিৎসক ছুটি না নিয়ে ভ্রমণে গিয়েছেন এটা জানতে পেরে আমি তাদেরকে শোকজ করার জন্য বলেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: ইউএনবি।