শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের মানুষ ওয়ানগালা উৎসব উদ্্যাপন করেছেন। গতকাল রবিবার দিনব্যাপী মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে উৎসবের আয়োজন করা হয়।
সকাল ৯টায় থক্কা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন মরিয়মনগর ধর্মপল্লীর পাল পুরোহিত ও খামাল ফাদার সুবল কুজুর সিএসসি। তাকে সহযোগিতা করেন সহকারী পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি।
গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার বিভিন্ন নিবেদন হয় এ উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে, নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়।
শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল খাওয়ার অনুমতির জন্য নেচে-গেয়ে উদযাপন করা হয় ওয়ানগালা উৎসব। একই সঙ্গে মঙ্গল কামনা করা হয় শস্য দেবতার কাছে। উৎসবে গারো সম্প্রদায়ের মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন।