বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে হাঁটুর গুরুতর চোটে পড়েছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, চোটের কারণে তিন থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে পিকেকে।
৩৩ বছর বয়সী পিকে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন। শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে চোট পান তিনি।
এদিকে সার্জি রবার্তোকেও অন্তত দুই মাসের জন্য পাচ্ছে না বার্সা। আতলেতিকোর বিপক্ষেই পায়ের পেশির চোটে পড়েন তিনি।
বার্সার সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। ৮ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে বসে আসে এরই মধ্যে। টেবিলে তাদের অবস্থান ১১তম। এর মধ্যে কিনা পিকে ও রবার্তোকে এক সঙ্গে হারাতে হচ্ছে। আগেই যেখানে একাধিক তারাকা খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেছেন।
এর আগে হাঁটুতে অস্ত্রোপচারের পর চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। সার্জিও বুসকেটস সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন। ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও রোনালদ আরাহোও চোটের কারণে বাইরে।