আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাশেমুল ইসলাম টুটুল (১৯) নামের এক যুবককে মারধরের ঘটনার চার মাস পর কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক হারুন-অর-রশিদ।

এর আগে রবিবার দিবাগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে রকি ওরফে ছোট রকি (১৮), একই এলাকার রনির ছেলে রাকিবুল ইসলাম (১৮), পাবনা জেলার সাথিয়া থানার জাহাঙ্গীরের ছেলে সোহান (১৮) ও জামালপুর জেলার সদর থানার রফিকের ছেলে নাবিব (১৮)।

হামলার শিকার হাশেমুল ইসলাম টুটুল (১৯) ভাদাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি একই এলাকায় সিদ্দিক মাতব্বরের ইলেকট্রনিক্স এর শো-রুমে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ৮ জুন সন্ধ্যায় শো-রুমের কিস্তির টাকা আদায় করতে জামগড়ার উদ্দেশ্যে রওনা হন টুটুল। পরে জামগড়া এলাকার রূপায়ণ মাঠ সংলগ্ন শাহিনের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাত আরও ১০/১২ জন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, হকিস্টিক,  চাপাতি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। অজ্ঞান হয়ে পড়ায় মৃত ভেবে চলে যায়। পরে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করা হয়। গত ১০ জুন কিশোরদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তারা গা ঢাকা দেয়। মামলা দায়েরের প্রায় ৪ মাস পর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক হারুন-অর-রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।