খুলনায় ভ্যানচালক ইমরান সরদার (৪২) হত্যা মামলায় আদালত নিহতের শ্যালিকার প্রেমিক আমীর আলী মীর ওরফে কাউসারকে (৪২) মৃত্যুদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অপর একটি ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছে।
গতকাল সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ভ্যানচালক ইমরান সরদারের শ্যালিকার সঙ্গে তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কাউসারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি ইমরান জানতে পেরে কাউসারকে শ্যালিকার সঙ্গে প্রেম করতে বাধা দেয়। এতে সে ইমরানের ওপর ক্ষুব্ধ হয়। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি পুলিশ নন্দনপুর-জোয়ালবাঁধাল রাস্তার পাশ্ববর্তী একটি সুপারি বাগান থেকে ইমরানের জবাই করা লাশ উদ্ধার করে।