বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে বলে হুঁশিয়ার করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে বিএনপির সক্ষমতা কতটুকু ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণ সভায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে আপনারা দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আ.লীগ তা জানে। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন সহযোগিতা পাবেন। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায়। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায়। চোরাগলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে।
তিনি বলেন, বিএনপি দেশের শান্তি-স্বস্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা এমন কোনো অপচেষ্টা নেই, যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। কচুরপাতার শিশিরবিন্দুর মতো। খারাপ আচরণ উন্নয়নকে মøান করে দেয় যদি আপনাদের আচরণ খারাপ হয়। তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে তারা রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভায় মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।