রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সিকদার দেশ রূপান্তরকে বলেন, মোহাম্মদপুরে বাবর রোড সংলগ্ন বিহারি পট্টির বস্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে উপস্থিত হয়। ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগজনিত কারণে বিহারি ক্যাম্পে আগুন লাগে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ক্যাম্পের বাসিন্দারা হুড়োহুড়ি করে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরাতে থাকে। এর মধ্যেই অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুনে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও মোহাম্মদপুর থানা-পুলিশ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।