লোকবলসহ নানা সংকটের কারণে অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পাট গবেষণা উপকেন্দ্র। এ ঘটনায় গত প্রায় ১০ বছর ধরেই বন্ধ রয়েছে উপকেন্দ্রটির পরীক্ষাগার। এই সুযোগে সন্ধ্যা হলেই মাদকসেবীদের রমরমা আসর বসে সেখানে। তাদের অত্যাচারে অতিষ্ঠ অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও। এ ছাড়া সংস্কারের অভাবে সরকারি কোয়ার্টারগুলোও বেহাল হয়ে পড়ায় অন্যত্র বাসা নিয়ে থাকতে হচ্ছে সংশ্লিষ্টদের। এতে যাতায়াতে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। একই সঙ্গে জনবল সংকটসহ নানা কারণে মাঠপর্যায়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সম্প্রতি রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার পাট গবেষণা উপকেন্দ্রটি সরেজমিন ঘুরে এসব তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পাটচাষিদের কল্যাণে রূপগঞ্জের যাত্রামুড়ায় ১৩ দশমিক ৪৫ একর জমিতে পাট গবেষণা উপকেন্দ্রটি স্থাপন করে সরকার। ফলন ভালো করতে মাঠপর্যায়ে গবেষণার পর পরীক্ষাগারে নিয়ে পাটবীজের মান পরীক্ষা করতেন উপকেন্দ্রটির কর্মকর্তারা। কিন্তু ধীরে ধীরে পাটচাষ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে গবেষণা উপকেন্দ্রটির কার্যক্রমও।
গবেষণা উপকেন্দ্রটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) এস এম শাহরিয়ার পারভেজ দেশ রূপান্তরকে বলেন, কোয়ার্টার সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যার পর মাদকসেবীদের উপদ্রবের ব্যাপারেও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।