শাহজাদপুরে দুপক্ষের হামলা সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ববিরোধের জের ধরে আবদুর রশিদ গ্রুপের সঙ্গে মোহাম গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

আধঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে পুলিশ ১০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। আহতদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, পূর্ববিরোধের জের ধরে রশিদ গ্রুপের সঙ্গে মোহাম গ্রুপের দফায় দফায় সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। কৈজুরী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।