তার খেলা দেখে দেখে বড় হয়েছি : লারা

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত কিংবদন্তি ক্রিকেটাররাও। ‘ফুটবল ঈশ্বর’খ্যাত ম্যারাডোনা সম্পর্কে বলেছেন ক্রিকেটের ‘রাজপুত্র’ ব্রায়ান লারা থেকে শুরু করে ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ শচিন টেন্ডুলকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে লারা লেখেন, ‘আমি আশির দশকের  ফুটবল দেখে বড় হয়েছি এবং তখন আমাকে একজনই গভীরভাবে প্রভাবিত করেছিলেন, তিনি আর কেউ নন গ্রেটেস্ট ডিয়েগো ম্যারাডোনা! তার মৃত্যুর খবরটি আমাদের সবার জন্য দুঃখের দিন। সম্মানের সঙ্গে চিরনিদ্রায় থাকুন... আপনিই সেরা!’

শচিন টেন্ডুলকার ম্যারাডোনাকে বলছেন ক্রীড়া বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ। টুইটে শচিন লেখেন, ‘ফুটবল এবং ক্রীড়াবিশ্ব তার অন্যতম সেরা ক্রীড়াবিদকে আজ হারাল। তোমাকে মিস করব। রেস্ট ইন পিস ডিয়েগো ম্যারাডোনা।’

২০১৭ সালে দ্বিতীয়বারের মতো কলকাতায় এসেছিলেন ম্যারাডোনা। সেই সময়ে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির তার (ম্যারাডোনা) সঙ্গে ফুটবল খেলার সৌভাগ্য হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ টুইটে লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।’

ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ম্যারাডোনার মৃত্যুর পর সাকিব তার ফেইসবুক পোস্টে ম্যারাডোনার ছবিসহ লেখেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকেন যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই নয়। খেলার মাঠে তিনি সব সময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মতো কিংবদন্তি খেলোয়াড় ছিলেন বলেই ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায় ডিয়েগো!’