খাবারের গন্ধে উঠে বসল কোমার রোগী!

বেঁচে থাকার জন্য খাবার অত্যাবশক। আর প্রিয় কোনো খাবার মন ভালো করার কার্যকরী এক টোটকাও বটে। বড় কোনো দুঃখ-কষ্ট ও হতাশার মধ্যেও আমাদের মুখে হাসি ফোটায় এক টুকরো পছন্দের খাবার। দূর করে সারা দিনের ক্লান্তি ও অবসাদ। প্রিয় সব খাবারের রয়েছে জাদুকরী কিছু গুণও। তাই বলে মৃত্যুপথযাত্রী এক রোগীর জ্ঞান ফেরাতে পারে তার পছন্দের কোনো খাবার! তাও আবার কোনো ধরনের মেডিসিনের সহায়তা ছাড়াই! সম্প্রতি খাবারের এমনই এক অলৌকিক গুণের প্রমাণ পাওয়া গেছে দূরপ্রাচ্যের দেশ তাইওয়ানে। পছন্দের একটি খাবারের নাম শুনতেই বিছানায় উঠে বসেন টানা ৬২ দিন কোমায় থাকা এক রোগী।

টাইসম অব ইন্ডিয়ার এক প্রতিবেদেন বলা হয়, সম্প্রতি তাইওয়ানে একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সী ওই যুবক। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে তার। ডানদিকের কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানে একাধিক অস্ত্রোপচার করা হয় তার। সবকিছু ঠিকঠাক হলেও কোমায় চলে যান চিউ। এরপর টানা ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরও ছয়টি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার দিন অনেকটা মজা করেই চিউয়ের ভাই তার সামনে বলেন, ‘আমি তোমার প্রিয় চিকেন ফিলে খেতে যাচ্ছি।’ এর পরপরই ঘটে যায় অলৌকিক ওই ঘটনাটি। ধীরে ধীরে জ্ঞান ফেরে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে তার হৃদস্পন্দনও। এ ঘটনায় অবাক হয়ে যান চিকিৎসকরাও। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন চিউ। সুস্থ হয়ে উঠতে ম্যাজিকের মতো কাজ করে চিউয়ের ওই পছন্দের খাবারের নাম। এরপর হাসপাতালে ফিরে ধন্যবাদ জানাতে সেখানকার চিকিৎসক-কর্মীদের কেকও খাইয়েছেন চিউ।