প্রশিক্ষণ চলাকালে আরব সাগরের ওপর ভেঙে পড়েছে ভারতীয় নৌ বাহিনীর বিমান মিগ ২৯-কে। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
ওই বিমানে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধার করা হয়েছে। এখনো খোঁজ চলছে অন্য জনের।
ভারতীয় নৌ বাহিনী এক বিবৃতিতে বলেছে, “২৬ নভেম্বর বিকেল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” সঙ্গে যোগ করা হয়, “একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে।”
এই নিয়ে এক বছরে তিনবার মিগ ২৯-কের দুর্ঘটনা ঘটল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনো ক্ষতি হয়নি।