নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭ মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোর কামারখন্দ থানা-পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সাচ্চু সরকারের ছেলে।
কামারখন্দ থানার এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল কায়েসের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।