নদীভাঙনে বিলীন হচ্ছে মাঝেরচর

সিডর, আইলা ও আম্পানে বিধ্বস্ত পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদের উপকূলীয় ক্ষুদ্র দ্বীপ মাঝেরচর ক্রমেই অস্তিত্ব সংকটে পড়েছে। ১ হাজার ২০০ জেলে ও কৃষক পরিবার এ দ্বীপে বসবাস করে। বলেশ্বর নদের মাঝামাঝিতে অবস্থান ক্রমাগত ভাঙতে থাকা এ দ্বীপের। উপজেলা শহর থেকে মাঝেরচরের দূরত্ব ১৫ কিলোমিটার।

মাঝেরচর গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে দ্বীপ চরের ১৭টি জেলে পরিবারের বসতি, বেড়িবাঁধসহ চরের পাকা নৌঘাট নদীতে বিলীন হয়ে পড়েছে। সেই সঙ্গে ধসে যাওয়া বাঁধ উপচে প্রতিদিন জোয়ারের প্লাবনে কৃষিজমিতে লবণ পানির আগ্রাসনে বিনষ্ট হচ্ছে রবিশষ্যসহ বিভিন্ন ফসল।

চরবাসীর অভিযোগ, বলেশ্বর নদের চর ঘেঁষে কতিপয় প্রভাবশালী অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মাঝেরচরের পূর্ব ও উত্তর অংশে সম্প্রতি ভাঙনের তীব্রতা বাড়ছে। এতে সিডর-পরবর্তী ব্রিটিশ বিজনেস গ্রুপের সহায়তায় নির্মিত মাঝেরচরের একমাত্র নৌ-পাকাঘাট ও সড়কসহ ১৭টি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে।

আরও দেখা গেছে, চরের পূর্ব ও পশ্চিম অংশে অব্যাহত ভাঙনে পরিধি কমে আসছে চরটির। ভাঙনকবলিত এলাকার বাসিন্দা জেলে পরিবারগুলো এখন আতঙ্কগ্রস্ত।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক মাঝেরচরের বিপন্ন অবস্থার কথা স্বীকার করে বলেন, দ্বীপ চরটি কয়েক দফা পরিদর্শন করেছি। নৌঘাটটি ভাঙনে নদীতে চলে গেছে। চরটি সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।