আর বাকি দুটি স্প্যান

পদ্মা সেতু প্রায় ৬ কিমি দৃশ্যমান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর এটি বসানো হয়। এর ফলে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলীরা।

তারা আরও জানান, উপজেলার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সকালে ভাসমান ক্রেনে স্প্যানটি নির্ধারিত স্থানে আনা হয়। পরে প্রকৌশলীরা এটি সফলভাবে বসান।

ইতিমধ্যে জাজিরা প্রান্তে সব স্প্যান বসানো হয়েছে। মাওয়া প্রান্তে আর দুটি স্প্যান বসানো হলে সেতুর মোট ৪১টি স্প্যান বসানো শেষ হবে। আগামী ২ ও ১০ ডিসেম্বর স্প্যান দুটি বসানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ১ হাজার ৪১টির বেশি এবং ২ হাজার ৯৫৯টি রেলওয়ে ¯স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১ হাজার ৫০০টি।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় সেতু। মূল সেতুর নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি); নদীশাসনে একই দেশের সিনো হাইড্রো করপোরেশন। আর দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

কংক্রিট ও স্টিলের তৈরি মোট ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর আকৃতি দ্বিতল। আগামী ২০২১ সালে সেতুটি চালুর পরিকল্পনা রয়েছে।