কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় শহীদুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফকিরনীর হাট রাস্তার মাথায় পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের হাসপাতাল প্রতিনিধি এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শহীদুল ইসলাম চট্টগ্রাম বন্দরের শ্রমিক। সকালে তিনি মোটরসাইকেল নিয়ে বন্দরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

পথে কর্ণফুলীর ফকিরনীর হাট রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে শহীদুল ইসলাম রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শহীদুল ইসলামের লাশ সুরতহাল শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।