সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাহিদ মিয়া (৩০) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এর আগে শনিবার সকালে সাভারের উলাইল কর্ণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।
গ্রেপ্তার নাহিদ মিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রুটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে। সে কাতলাপুর এলাকায় ভাড়া থেকে উলাইল এলাকার ডেনিটেক্স গার্মেন্টস এ চাকরি করতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, একই কারখানায় চাকরির সুবাদে ভুক্তভোগী পোশাক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাহিদের। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪ নভেম্বর নিজ বাসায় ডেকে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে নাহিদ। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী নারী শ্রমিক বিয়ের জন্য চাপ দিলে তাকে হত্যার হুমকি প্রদান করে অভিযুক্ত নাহিদ। এ ঘটনায় শনিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।