সোহানা সাবার নতুন অধ্যায়

দর্শকনন্দিত অভিনেত্রী সোহানা সাবা নতুনভাবে ফিরছেন। বাইরে থেকেই শুধু নয় বদলে ফেলেছেন তার কাজের ধরন, কাজ নিয়ে চিন্তা-ভাবনা। ৫ বছর শুধু কাজ নিয়েই থাকবেন। মজা করে বলছেন, ‘আমি ঘন ঘন প্রেমে পড়ি। আর প্রেমে পড়লে আমার সব কাজ উচ্ছন্নে যায়। আসলে একসঙ্গে অনেক কিছু আমি করতে পারি না। প্রেমে থাকলে শুধু সেটা নিয়েই ভাবতে থাকি। বলতে পারেন, প্রেমে ডুবে থাকি। তাই তখন কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখি না। ফোন করলে ধরি না, কেউ সিডিউল চাইলে দিই না, সাংবাদিকদের এড়িয়ে চলি!’ তিনি আরও বলেন, ‘দেড় বছর আগে ঠিক করেছিলাম আমাকে নতুনভাবে শুরু করতে হবে। আমার সবচেয়ে শক্তিশালী দিককে আরও মজবুত করতে হবে। আমি শিল্পী, দিনশেষে শিল্পই আমাকে তৃপ্তি দেয়। দেড় বছর প্রেম করিনি, তার ফল হাতেনাতে পাচ্ছি। এমন কিছু কাজ নিয়ে সামনে হাজির হব যা দর্শককে নতুনভাবে আমাকে নিয়ে হয়তো ভাবতে শেখাবে।’

সাবা এখন সবচেয়ে মনোযোগী নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’ নিয়ে। এরইমধ্যে সেখান থেকে একটি ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেছেন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ওয়েবে আমাদের দেশে এতদিন তরুণদের গল্প, থ্রিলার বা কমেডির নামে ভাঁড়ামো দেখানো হলেও সাবার ওয়েব সিরিজের গল্প একেবারেই আলাদা। কয়েকজন পরিণত বয়সের মানুষের প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব ও আবেগের গল্প দেখা যাবে ‘টুইনস রিটার্নস’ নামের এই ওয়েব সিরিজে। বিঞ্জে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৬ পর্বের এই সিরিজটি। সাবা প্রযোজনার পাশাপাশি প্রধান একটি চরিত্রে অভিনয়ও করেছেন। আরও আছেন মনোজ প্রামাণিক, রুনা খান, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ। সিলেটের নাজিমগড় রিসোর্ট পুরোটা শ্যুটিংয়ের জন্য টানা ৭দিন ব্যবহার করেছেন তারা। সাবা উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘সবাই জানে, আমি কাজের ব্যাপারে কী ধরনের খুঁতখুঁতে। আর এটা তো নিজের প্রযোজনা। চেষ্টা করছি ধরে ধরে কাজ করতে, যেন মনের মতো হয়।’ তিনি আরও বলেন, ‘সিরিজটির জন্য দুটি মৌলিক গান করেছি। গান দুটি জোশ! মিউজিক করেছেন কলকাতার ব্যস্ত কম্পোজার ডাব্বু। একটি গেয়েছেন কলকাতার দুজন আর্টিস্ট, অন্যটি চট্টগ্রামের র‌্যাপার শিবেন। র‌্যাপ গানটির কথা ও সুর মনমতো হচ্ছিল না। অনেক কষ্টে খুঁজে পাই শিবেনকে। তিনি আমার আইডিয়া শুনে মাত্র ৫ মিনিটের মধ্যেই বাংলা ও ইংরেজি কথার গানটি লিখে, গেয়ে আমাকে পাঠান। তখনই তাকে আমরা চূড়ান্ত করি। সে ভবিষ্যতে ভালো করবে, এই গানটি হয়তো তাকে একধাপ এগিয়ে দেবে।’

শুধু ওয়েব সিরিজ নয়, সাবার নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার খবরও আছে। ‘জয়িতা’ নামের একটি নারীপ্রধান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমার ব্যাপারে সাবা বলেন, ‘সিনেমার ব্যাপারে আমি বরাবরই খুব চুজি। কারণ আমার শুরুটা সিনেমা নিয়ে। এরপর ভালো নির্মাতাদের সিনেমাতেই কাজ করেছি দেশে ও কলকাতায়। মাঝে একটি বাণিজ্যিক ঘরানার সিনেমা করার পর খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে সিনেমায় আমি নিজেই বিশ্বাস করি না, সে সিনেমায় কাজ করব না।’ তিনি আরও বলেন, ‘দেড় বছর ধরে আমরা জয়িতা সিনেমাটি নিয়ে পরিকল্পনা করছি। খুব সুন্দর একটি গল্প। একসঙ্গে গল্পটি ডেভেলপ করলেও মূলত এটি নির্মাতা শামীম আহমেদ রনির গল্প। তিনি বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মাণ করলেও এটি একেবারেই আলাদা। একটি সোশ্যাল মেসেজ থাকবে। আমার ওয়েব সিরিজটি প্রকাশের পরপরই এই সিনেমাটি নিয়ে কাজ শুরু করব। জয়িতা সিনেমা হলের জন্য নির্মিত হবে। পরবর্তী সময়ে অনলাইন প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়ার ইচ্ছা।’

এদিকে, ‘টুইনস রিটার্নস’ ছাড়াও বিঞ্জের আরও প্রজেক্টে কাজের খবর শোনা যাচ্ছে সাবার। তিনি বলেন, ‘এখনই সব কাজের খবর দিতে চাই না। কিছু থাকুক আগামীর জন্য। শুধু এটুকু বলি, আমার বন্ধু ভাগ্য ভালো। সবাই আমাকে পছন্দ করে, আমি যেখানে যাই সেখানেই ভালো বন্ধু পাই। বিঞ্জেও আমার ভালো বন্ধু আছে। কাজের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ।’