ট্রলের জবাব দিলেন কারিনা
সময়ের পরিক্রমায় বড় তারকাদের নিয়ে সমালোচনা কিংবা ট্রল করা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক তারকাই ব্যাপারগুলো এড়িয়ে চলেন। অনেককে আবার সোচ্চার হতে দেখা যায়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকারীদের নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আসলে যাদের ঘরে বসে কিছু করার থাকে না; তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। এবারের করোনার লকডাউনে সে সংখ্যাও বেড়েছে।’ তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ না থাকার কারণে তারা সারা দিন ঘরে বসে কাটাচ্ছে। সঙ্গে নিজের এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন।’ কারিনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে মিডিয়ার অনেক অভ্যন্তরীণ ব্যাপার নিয়েও বেশি আলোচনা হয়। আমাদের যার যার জায়গায় সুখে থাকা উচিত।’
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কারিনা কাপুর এবং সাইফ আলি খানের ঘরে আসতে যাচ্ছে তাদের নতুন অতিথি। কারিনা বর্তমানে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। আগামী বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অনির্বাণের রিসেপশনে তারকারা
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরে ফেলেছেন তারা। তবে শুক্রবার তাদের রিসেপশনে হাজির ছিলেন টলিউডের তারকা ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে হাজির হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। সৃজিতের তোলা সেলফিতে ধরা পড়েন নবদম্পতি অনির্বাণ-মধুরিমা ও মিথিলা। সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগে অনির্বাণের বিয়ে নিয়ে ইন্সটাগ্রামে মজা করেছিলেন মিথিলা। সেখানে জানান, অজস্র নারী ভক্তের মতো সৃজিতও মন খারাপ করেছেন। সৃজিতের পরিচালনায় টানা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। ছবিগুলো হলো- দ্বিতীয় পুরুষ, গুমনামি, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, এক যে ছিল রাজা ও উমা।