ইরানের বিজ্ঞানীকে হত্যার ঘটনায় সংযত থাকার আহ্বান জাতিসংঘের

ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানীকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেহকে শুক্রবার সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়। ইরান এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

শনিবার জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, “আমরা সংযত থাকার এবং ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার মতো যে কোন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

আরও বলেন, “আমরা বিচারবহির্ভূতসহ যে কোন হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি।”

শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ফখরিযাদেহ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যান।

এ ঘটনার হত্যার জন্য ইসরায়েলসহ আন্তর্জাতিক শক্তিকে দায়ী করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তিনি বলেন, “আবারও একবার দখলদার ইহুদিদের ভাড়াটে খুনিদের রক্তাক্ত হাতের সঙ্গে শয়তানি হাত মেলালো বৈশ্বিক ঔদ্ধত্য শক্তিগুলো।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেঘান বলেন, “এই হত্যার ষড়যন্ত্রকারীদের ওপর বজ্রের মতো আঘাত হানা হবে।”

ফখরিযাদেহ ছিলেন সর্বাধিক খ্যাতিমান ইরানি পরমাণুবিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের সিনিয়র অফিসার।

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন।

২০১৮ সালে ইসরায়েলের থেকে পাওয়া গোপন নথি অনুসারে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।