বেতন না দেয়ায় পোশাকশ্রমিকদের মামলা, মালিকের স্ত্রী গ্রেপ্তার

সাভারের বিরুলিয়ায় অবস্থিত অমর ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন প্রদান না করার মামলায় কারখানাটির পরিচালক মরিয়ম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে মিরপুরের রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং এর ১ নম্বর রোডের ৪০ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত ১০ নভেম্বর ভুক্তভোগী শ্রমিকদের ভেতরে মামলা দায়ের করেন শফিকুল ইসলাম। 

গ্রেপ্তার মরিয়ম হোসেন কুমিল্লার দেবীদ্বার থানার সম্পা নগর গ্রামের মোসাদ্দেকের স্ত্রী। তারা মিরপুরের রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং এ থাকতেন। অমর ফ্যাশন নামের কারখানাটির স্বত্বাধিকারী তারা। মোসাদ্দেক এমডি ও মরিয়ম হোসেন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, সাভারের বিরুলিয়ায় অবস্থিত অমর ফ্যাশন নামের পোশাক কারখানাটিতে গত আগস্ট মাস থেকে কাজ শুরু করে ৬৯ জন শ্রমিক। আগস্ট মাসের শেষে শ্রমিকদের বেতন চাইতে গেলে কারখানার কর্তৃপক্ষ মোসাদ্দেক ও মরিয়ম গড়িমসি করেন এবং অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত তাদের কাজ করিয়ে নেয়। পরে ২৬ অক্টোবর কারখানা থেকে সিফমেন্ট মালামাল ও ৬৯ জন শ্রমিকের প্রায় ২১ লাখ টাকা বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যায় কর্তৃপক্ষ।

এ সময় কারখানাটির মালিক মোসাদ্দেকের সঙ্গে ফোনে কথা বলতে গেলে তিনি শ্রমিকদের নানা ভাবে হুমকি প্রদান করে। তাই সকল শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সাভার থানায় অভিযোগ করেন তারা। 

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের মামলায় কারখানা মালিককে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।