আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোট। গত বৃহস্পতিবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের প্রচার-প্রচারণা ততই চাঙ্গা হয়ে উঠছে। চেয়ারম্যান পদে পাঁচজন এই নির্বাচনে প্রার্থী থাকলেও তাদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের। যার কারণে ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন দলেই ত্রিমুখী ভোটের লড়াই হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুতে এ উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ প্রার্থীর মধ্যে প্রয়াত আবু তাহেরের ছেলেসহ তিনজনই আওয়ামী লীগের হওয়ায় ভোটার ও উপজেলাবাসীর কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী লড়াইয়ের।
আওয়াামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত আবু তাহেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আবু জাহের ও টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু তাহেরের বড় ছেলে আবু ছাইব বাপ্পি। অন্য দুজনের মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ শাহ আলম সরকার এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে হাতুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন আল আমিন। এ ছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুনের মনোনয়ন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ে এবং পরে আপিলেও বাতিল হয়ে যায়। মিঠুন জানান, প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।
এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাহাঙ্গীর খান চৌধুরী, আবু জাহের ও আবু ছাইব বাপ্পি। জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির দুই প্রার্থীও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে ভোটারদের উৎসাহ বেশি জাহাঙ্গীর খান চৌধুরী ও আবু জাহেরকে নিয়ে। আবার এ দুই প্রার্থীকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভক্তিও দেখা দিয়েছে। সব মিলিয়ে মানুষের মাঝে এ নির্বাচনে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শান্তিপূর্ণ সহাবস্থানে সুন্দর ভোটের প্রত্যয় ব্যক্ত করেছেন জাহাঙ্গীর খান চৌধুরী ও আবু জাহের।