আখাউড়া-লাকসাম নির্মাণাধীন ডাবল রেলপথ প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ অভিযান করার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রবিবার দুপুরে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম স্কুলমাঠে দেবগ্রামের ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কৃষক লীগের সভাপতি ও ভুক্তভোগী আব্দুর রহিম। তিনি বলেন, আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের কারণে দেবগ্রাম এলাকার অর্ধশতাধিক পরিবারের বাড়িঘরসহ বহু গাছপালা রেলপথের আওতায় পড়েছে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ না দিয়ে বিনা নোটিসে গত ১৪ ও ১৫ নভেম্বর দেবগ্রাম এলাকায় অর্ধশতাধিক পরিবারের গাছপালা, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ভাঙা শুরু করে। একপর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাধার মুখে অভিযান বন্ধ রাখে কর্তৃপক্ষ। তখন আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) ওমর ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেন, ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ অভিযান করা হবে। কিন্তু দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও রেল কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ দেয়নি।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রকল্প কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে আমাদের উচ্ছেদের করার পাঁয়তারা করছে। প্রকল্প কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর এলাকায় মাইকে প্রচার করেছে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। উচ্ছেদ অভিযানের আগে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবারগুলো। এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুক বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অফিশিয়াল জটিলতায় কিছুটা দেরি হলেও প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে।