জামালপুরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ২০ মে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর রাগ করে মোস্তফা ঢেঁকির সঙ্গে তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আসিকের মাথা আঘাত করলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় শিশুটির।
পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিচারক মোস্তফাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। মোস্তফা বর্তমানে পলাতক।