কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. সোহেল রানা (২৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীর হাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
সোহেল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টারপাড়ার আবদুর করিমের ছেলে এবং চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের বাবা জানান, ভরামুহুরী হাজিপাড়ায় তাদের কেনা একটি জমি রয়েছে। শনিবার সেই জমি দখলে নেওয়ার চেষ্টা চালায় স্থানীয় ভূমিদস্যু নুরুল আলম ও তার সাঙ্গপাঙ্গরা। খবর পেয়ে ছেলেসহ কয়েকজন সেখানে যান। রাতে ফেরার পথে রাস্তায় নুরুল আলম ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সোহেলকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোহেল। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল গত ৪ নভেম্বর পেকুয়ার কৃষক লীগ নেতা মেহের আলীর মেয়ে কলিকে বিয়ে করেন। ২৪ দিনের মাথায় দুর্বৃত্তরা তাকে হত্যা করল। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সোহেলের বাবা।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে হাজিপাড়ার কবির আহমদের ছেলে আবদুল মান্নানকে (৩৪) আটক করেছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।