চট্টগ্রামে সাড়ে চার মাসে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংখ্যা ও হার দু’ক্ষেত্রেই এ সময়ের মধ্যে একদিনের সব রেকর্ড ছাড়িয়ে যায়। মৃত্যুও হয়েছে একজনের। একই দিনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার অতিক্রম করে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টের তথ্য অনুযায়ী, রোববার ১ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জন পজিটিভ পাওয়া যায়। সংক্রমণ হার ২০ দশমিক ৭৩ শতাংশ। এর আগে ২৩ নভেম্বর একদিনে সর্বোচ্চ ২৪২ জন জীবাণুবাহক শনাক্ত হন। সংক্রমণ হার ছিল ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ। এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৯ জনে। এর মধ্যে ২২৪ জন শহরের ও ৯৫ জন গ্রামের। সুস্থতার ছাড়পত্র দেয়া হয় ৪৬৫ জনকে। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২২ হাজার ২৯৪ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৩৫১১ জন ও বাসায় চিকিৎসায় সুস্থ হন ১৮ হাজার ৭৮৩ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৩৮ জন ও ছাড়পত্র নেন ৪৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১২২৭ জন।
উল্লেখ্য, রবিবার শনাক্ত জীবাণুবাহকের সংখ্যা ও হার সাড়ে চার মাসে একদিনের সর্বোচ্চ। চলতি মাসে চারদিন সংক্রমিত ব্যক্তির সংখ্যা দুইশ’ ছাড়িয়ে গেলো। এর আগে ২৩ নভেম্বর ২৪২ জন জীবাণুবাহক শনাক্ত হন।