‘আমাদের স্বপ্ন পূরণ হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প শেষ হলে। তখন আমরা গর্ব করে বলতে পারব বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।’
সোমবার ‘নিউক্লিয়ার ডে উদযাপন’ উদ্বোধনকালে বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান এসব কথা বলেন।
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে নিউক্লিয়ার ডে উদযাপন করা হয়।
মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাস্তবায়ন করছেন। আমি ঈশ্বরদীবাসীসহ রূপপুরবাসীকে প্রকল্পের কাজে সহযোগিতার জন্য অভিনন্দন জানাই।
প্রকল্প পরিচালক ড. শওকত আকবর বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ঈশ্বরদীর রূপপুরে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট বর্তমানে নির্মাণাধীন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন প্রকল্পের কারিগরি পরামর্শ এবং মূল যন্ত্রপাতি সরবরাহ করছে।