শাহজাদপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে রবিবার রাতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিহত সোনিয়া খাতুন কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামের মো. সৈয়দ মোল্লার মেয়ে। 

এ বিষয়ে নিহতের মামাতো ভাই রেজাউল করিম অভিযোগ করে জানান, ৪ মাস আগে কৈজুরী ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামের মো. সামাদ ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য সোনিয়াকে প্রায়ই নির্যাতন করত। রবিবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শাহাজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।