আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মধুখালী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম আলী একই উপজেলার বড়গাংনী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে বড়গাংনী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন ইব্রাহীম ও তার ভাতিজা নাজমুল।

এ সময় নতিডাঙ্গা এলাকার মধুখালী মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক ইব্রাহিম। আহত হন মোটরসাইকেলে থাকা নাজমুল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।