সরকারি সেতুর রেলিং রাতের আঁধারে ভেঙে বোনের বাড়ির রাস্তা তৈরির অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে বাবু খানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে। গত সোমবার সরেজমিন ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতাও মিলেছে। এছাড়া সেতু ভাঙার প্রতিবাদ নিয়ে গ্রামবাসী উল্টো আওয়ামী লীগ নেতা বাবু খানের হুমকিধমকির শিকার হচ্ছে বলেও জানা গেছে।
মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০২-০৩ অর্থবছরে চরবিলসা গ্রামের খালের ওপর ২০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওই সেতুটি নির্মাণ হওয়ার পর গ্রামের মানুষ সহজে স্থানীয় বারিন্দা বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করার সুবিধা পায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার আনাইতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে বাবু খান তার বোনের বাড়িতে যাওয়ার রাস্তা সহজ করতে খালের ওপর নির্মিত ওই সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে ফেলেন। রেলিং ভেঙে বাবু খান এবং তার ভগ্নিপতি মঞ্জুর রহমান ওরফে মজনু খান গ্রামের বাসিন্দা চান মিয়ার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ শুরু করেন। গ্রামবাসী এর প্রতিবাদ জানানোয় বাবু খান তাদের ভয়ভীতি ও হুমকিধমকি দিচ্ছেন।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যা নিয়ে যেকোনো মুহূর্তে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।
চান মিয়ার ছেলে আবদুল হক দেশ রূপান্তরকে বলেন, আমাদের না জানিয়েই মজনু খান তার বাড়ি যাওয়ার রাস্তা আমাদের জমির ওপর দিয়ে বানাচ্ছেন। আমরা এর বিচার চাই।
আনাইতারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, সেতু ভেঙে রাস্তা করার খবর পেয়ে বাধা দিতে গেলে বাবু খান তা কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন।
আনাইতারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেল্লাল হোসেন বলেন, সেতুর রেলিং ভেঙে এভাবে রাস্তা নির্মাণ করা কোনোভাবেই ঠিক হয়নি।
অন্যদিকে সরকারি সেতু ভেঙে অন্যের জমি দখল করে বোনের বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বাবু খান বলেন, গ্রামবাসীর স্বার্থে রাস্তা তৈরির কাজ চলছে। এ কাজের সঙ্গে আমি জড়িত নই।
মির্জাপুর স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের প্রকৌশলী মো. আরিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এলাকা পরিদর্শন করে সেতুর রেলিং ভাঙার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।