ইসরায়েলকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি

ইসরায়েলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে এ অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর রিয়াদ এ অনুমোদন দেয় বলে জানিয়েছে রয়টার্স।

এ অনুমতির ফলে এখন থেকে ইসরায়েল-আমিরাত রুটে নিয়মিতভাবে সৌদি আকাশসীমা ব্যবহারের সুযোগ পাবে ইসরায়েল। গত সোমবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ ইস্যুতে আমরা তাদের সম্মত করতে সমর্থ হয়েছি। গতকাল মঙ্গলবার সকালে আমিরাতের উদ্দেশে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছাড়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পায় দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলি বিমান সংস্থাগুলো যেন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাত্রী পরিবহন করতে পারে সেটির ব্যবস্থা করা উচিত।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর থেকেই গুঞ্জন চলছে সৌদি আরবও একই ধারাবাহিকতা রক্ষা করতে যাচ্ছে কি-না।