মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই কৃষ্ণকান্ত সিংহের (৭০) মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাবিল গ্রামে ছোট ভাই লাল মোহন সিংহের (৫০) কোদালের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কৃষ্ণকান্ত। ঘটনার পর থেকেই পলাতক লাল মোহন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি জমিতে সবজিক্ষেত পরির্চচা করতে গেলে বড় ভাই কৃষ্ণকান্তকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে লাল মোহন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন কৃষ্ণকান্ত। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।