বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করবে নতুন রেলপথ

চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরান।

মঙ্গলবার বিকেলে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ প্রকল্পের নবনির্মিত রেললাইন ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন মোহাম্মদ ইমরান।

ভারতের হলদিবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রেল ট্রলিযোগে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্তে হাইকমিশনার ও তার স্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামনুল হক, পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক আবদুর রহিম, ভারতের পক্ষে ছিলেন কোচবিহারের এডিএম হিমাদ্রি সরকার, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার জেপি সিংহ, ৬২ বিএসএফ কমান্ডার প্রমুখ। পরিদর্শন শেষে সন্ধ্যায় ভারতে ফিরে যান হাইকমিশনার মোহাম্মদ ইমরান।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। এটি চালু হলে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের নতুর দ্বার উন্মোচন হবে। পাশাপাশি উভয় দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ব্যবস্থাপনা আছে, দ্বিপক্ষীয় যোগাযোগ অনেকদূর এগিয়েছে, একবার শুরু হলে বহুপক্ষীয় ব্যবস্থাও গড়ে উঠবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করে সে সম্পর্কে খোঁজ নিতেই বাংলাদেশের হাইকমিশনার উত্তরবঙ্গে সফর করেন। তিন দিনের এ সফরে তিনি ভারতের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের উত্তরবঙ্গের সংযুক্ত শিলিগুড়ির ফুলবাড়ী-বাংলাবান্ধা, চেংড়াবান্ধা-বুড়িমারী স্থলবন্দর ও হলদিবাড়ি-চিলাহাটি নবনির্মিত রেলপথ পরিদর্শন করছেন।