পথচারীদের উপর রামদা দিয়ে মাদকাসক্ত যুবকের হামলা, আহত ১০

চট্টগ্রামের ফটিকছড়িতে রতন নাথ নামের এক মাদকাসক্ত যুবকের ধারালো অস্ত্রের আঘাতে ১০ ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া সাহা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারী রতন ওই এলাকার ভোলা নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহা পাড়া এলাকার মাদকাসক্ত যুবক রতন নাথ বুধবার সকালে এলাকার গ্রামীণ সড়কে অতর্কিতভাবে পথচারীদের রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে এক নারীর হাত দ্বি-খণ্ডিত হয়ে যায়। এছাড়াও রামদার আঘাতে আরও ৯ ব্যক্তি গুরুতর জখম হন।

একপর্যায়ে উত্তেজিত জনতা রতনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ এসে রতনকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারী রতন একজন মাদকসেবী। প্রায়ই তিনি মাদক সেবন করতেন। জানতে পেরেছি এ ঘটনা ঘটানোর সময়ও সে মাদকাসক্ত ছিল।’

রতনের ছুরিকাঘাতে উপজেলার উত্তর সুন্দরপুর গ্রামের বজল আহম্মদের ছেলে ইব্রাহিম (৫০), বারমাসিয়া গ্রামের মনমোহন নাথের ছেলে নারায়ণ নাথ (৬৫), একই গ্রামের যাত্রামোহন দাশের স্ত্রী শিবু রাণী দাশ (৬৫), নেপাল নাথের স্ত্রী শিল্পী রাণী দেবী (৩৮), বেপতি নাথের স্ত্রী নিলা নাথ (৬৫), দুলাল নাথের স্ত্রী গীতা দেবী (৭০), জালাল আহমদের ছেলে দিদার (৩০), বাদশাহর ছেলে রমজান (২৮), মিলনের ছেলে টিটু সাহা (৪৫), মুনাফের ছেলে জলিল (৪৭) আহত হন।

পরে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।