করোনামুক্ত হয়ে বসুন্ধরার ক্যাম্পে স্বপ্না

ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর শুরু হওয়া মেয়েদের প্রিমিয়ার ফুটবল লিগে শুরুতে নাম লেখাতে পারেননি সিরাত জাহান স্বপ্না। করোনা বিরতির পর দ্বিতীয় পর্বের জন্য দেশের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে দলে ভেড়ায় বসুন্ধরা কিংস। কিন্তু এ দফায় স্বপ্নার পথে বাঁধা করোনাভাইরাস।

কোভিড-১৯ পজিটিভ হয়ে স্বপ্না সময়মতো ক্লাবে যোগ দিতে পারেননি। অবশেষে করোনামুক্ত হয়ে ক্লাব ক্যাম্পে উঠেছেন রংপুরের এই ফুটবলার।

দেশ রূপান্তরকে স্বপ্না জানান, ‘মঙ্গলবার আমার সবশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এরপরই আমি ক্লাবে চলে এসেছি।’

২০ নভেম্বর করোনা পজিটিভ হন স্বপ্না। পরে আরো দুই দফায় করানো পরীক্ষায় পজিটিভ হন তিনি।

আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে আইসোলেশনে ছিলেন স্বপ্না। তিনিসহ মেয়েদের ক্যাম্পে থাকা ৩৫ ফুটবলারের ৪জন পজিটিভ হন। অন্য তিন জন হলেন- শামসুন্নাহার জুনিয়র, আনাই মোগিনি ও রেহেনা আক্তার। বাকিরাও সবশেষ পরীক্ষায় করোনামুক্ত হয়েছেন।

শেষ মুহূর্তে ক্লাবে যোগ দিয়ে স্বপ্না মাত্র দুটি ম্যাচ পাবেন। ৬ ডিসেম্বর জামালপুর কাচারিপাড়া একাদশ ও ৯ ডিসেম্বর এফসি উত্তরবঙ্গের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শেষ করছে বসুন্ধরা। ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে যারা শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে।