এক ঝলকে

আদিত্য নারায়ণ-শ্বেতার বিয়ে

প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে করলেন তার ছেলে আদিত্য নারায়ণ। মুম্বাইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে মালাবদল করলেন উদিতপুত্র। এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আদিত্য নারায়ণ। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক। পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, নিজের সিনেমার প্রাক্তন নায়িকাকেই বিয়ে করছেন উদিতপুত্র। ২০১০ সালে মুক্তি পেয়েছিল আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। সিনেমাটিতে আদিত্যের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা আগরওয়াল। শ্বেতাকেই মন সঁপে দেন আদিত্য। প্রায় ১০ বছরের সম্পর্ক দুজনের। কাউকে ঘুণাক্ষরেও সে কথা টের পেতে দেননি আদিত্য। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শ্বেতার কথা জানা যায়। কভিড-১৯ পরিস্থিতির দাবি মেনে ৫০ জন অতিথির উপস্থিতিতেই বিয়ে সারেন আদিত্য। রবিবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। সোমবার সারা হয় গায়ে হলুদ পর্ব।

অ্যালবাম নিয়ে অ্যাডেলের ঠাট্টা

অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেলের গানের ভক্ত বিশ্বব্যাপী। গানের জন্য স্বীকৃতিও কম মেলেনি তার। গ্র্যামি পুরস্কারের আসরে তার জয়জয়কার দেখা গেছে অনেকবারই। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ গায়িকা। সেখানেই অ্যাডেল ঠাট্টাচ্ছলে বললেন, ‘আমার নতুন অ্যালবামের কাজ এখনো শেষ হয়নি। আসলে এখন মনে হয় অ্যালবাম করার চেয়ে মাথায় পরচুলা পরা কিংবা এক গ্লাস ওয়াইন খাওয়া ভালো।’ মূলত বর্তমানে অ্যালবামের উপযোগিতা নিয়েই ঠাট্টা করেছেন অ্যাডেলে। কথাগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এখন সিঙ্গেলের যুগ। আর গানও প্রকাশ হচ্ছে অনলাইনে। তাই অ্যালবাম না করলেও শিল্পীর কিছু যায় আসে না। ৩২ বছর বয়সী অ্যাডেলের প্রথম অ্যালবাম বের হয় ২০০৮ সালে। অ্যালবামটির শিরোনাম ‘১৯’। এরপর ২০১১ সালে ‘২১’ ও ২০১৫ সালে ‘২৫’ শিরোনামে নিজের দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন তিনি। এরপর আর কোনো অ্যালবাম নেই। নতুন অ্যালবাম প্রকাশবিষয়ক প্রশ্নেই ওই কথাগুলো বললেন অ্যাডেলে। তবে অ্যাডেলে ভক্তরা বেজায় খুশি তার ওপর। কারণ, ক্যারিয়ারের শুরু থেকেই কিছুটা স্বাস্থ্যবান অ্যাডেলে এখন বেশ ছিপছিপে হয়ে হাজির হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওজন ঝরিয়ে ছিপছিপে অচেনা অ্যাডেলে হয়েই হাজির হচ্ছেন।