গাজীপুরের শ্রীপুরে ছেলের দায়ের কোপে মা খুন হয়েছেন। মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে তরুণকে। এছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত তরুণের জলাশয়ে ভাসমান এবং লালমনিরহাটের পাটগ্রামে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর : শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বদলীঘাট গ্রামের সোনাব এলাকায় গতকাল বুধবার সকালে ছেলের দায়ের কোপে মা খুন হয়েছেন। নিহত রেহেনা আক্তার (৪৫) উপজেলার সোনাব বলদীঘাট এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তার ছেলে ইয়াসিন আরাফাত (১৬) স্থানীয় বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বেলা সোয়া ১১টার দিকে বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন মা। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগে ডাব কাটার দা দিয়ে আরাফাত তার মাকে এলোপাতাড়ি কোপায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আরাফাতকে আটক করে এবং তার মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মা রেহেনা।
স্থানীয়রা জানায়, আরাফাত মানসিক প্রতিবন্ধী। মাঝেমধ্যে সে পাগলের মতো আচরণ করে।
অন্যদিকে গাজীপুর মহানগরীতে দুবর্ৃৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। গতকাল ভোরে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-গাজীপুর সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের নাম মামুন মিয়া (৩৮)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মৃগালী গ্রামের আতাউর রহমানের ছেলে। মামুন ঢাকার যাত্রবাড়ী এলাকায় বসবাস করতেন।
জামালপুর : সরিষাবাড়ীতে জলাশয় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল আলম জানান, সকালে স্থানীয়রা ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাশে এন্তাজনগর (মোমিনপুল) গ্রামের শিঙ্গিমারী নদীর কাছ থেকে এক অজ্ঞাত নারীর (২০) মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে মহাসড়কের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।