ঝালকাঠিতে বাস মালিককে মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি-হুইলার গাড়ি চলাচল বন্ধের দাবিতে জেলা থেকে ১০টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস ও মিনিবাস মালিক সমিতি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
এর আগে সকাল ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাসমালিক গোলাম রসুল মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভা ডেকে মাহিন্দ্রা, সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচির ঘোষণা দেয়।
এতে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, কাঁঠালিয়া, মঠবাড়িয়াসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটে যাতায়াতকারী হাজারো মানুষ।
বাস চলাচল স্বাভাবিক রাখতে দুপুরে জেলা পুলিশের কর্মকর্তারা মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।