সিএমপির ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ কর্মসূচি

‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’–এই স্লোগানে কভিড প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)  ট্রাফিক বিভাগ।

বুধবার সকালে নগরীর জিইসির মোড়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ট্রাফিক বিভাগের এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর গণপরিবহনের চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা। সিএনজি বাস ও বিভিন্ন গণপরিবহনে লাগানো হয় সচেতনতামূলক ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ স্টিকার।

 অন্যদিকে মাস্ক ছাড়া গণপরিবহনে যাত্রী পরিবহন না করতে চালক-হেলপারদের নির্দেশনাও দেওয়া হয়।

দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে কভিড প্রতিরোধে নগরীর গণপরিবহন মালিক ও শ্রমিক নেত„বৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সভায় তিনি বলেন, জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে চালক হেলপার যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মাস্ক ছাড়া যেন গণপরিবহনে যাত্রীরা না ওঠে এজন্য চালক-হেলপারদের সচেতন হতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।